ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রটোকলে থাকা এসএসএফ (SSF) সদস্যদের সঙ্গে বিতণ্ডা ও মারমুখী আচরণ করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানানো হয়।
এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর মাজার/কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী যখন শেরেবাংলা নগর এলাকা থেকে বের হয়ে আসছিলেন, ঠিক তখন তাঁর প্রটোকলে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়ান ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়া। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
