×

রাজনীতি

শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে নানা গুঞ্জনের মধ্যে অবশেষে ঢাকা-১৮ আসনের ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাতে ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে ব্যয়বহুল নির্বাচনের কথা বলেন মান্না।

ব্যয় নির্বাহ করতে না পারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ (আসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মত ভোটার এখানে।’

তিনি আরও লেখেন, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ঢাকা-১৮ আসনে ভোটে থাকা একাধিক রাজনৈতিক দলের নেতারা বলেন, আর্থিক কারণে মান্নার ঢাকায় ভোট না করার বিষয়টি ঠিক হতে পারে। কারণ, বিএনপির যে অংশটি তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা এখন তার পাশে নেই।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্না ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হন। তাকে বগুড়া ২ আসনে জোটের প্রার্থী করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে সমর্থন দেয়নি। সেখানে ধানের শীষ পত্রিকা দলের প্রার্থী নির্বাচন করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মান্না এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়লে তিনি ‘নাগরিক ঐক্য’ গঠন করে আহ্বায়কের দায়িত্ব নেন।

২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে নির্বাচনি জোট জাতীয় ঐক্যফ্রন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘নাগরিক ঐক্য’ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

‘ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না’

‘ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App