ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও জিয়া পরিষদের সভাপতি ডা. মো. আব্দুল কুদ্দুস বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর বাসসের
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ডা. মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। দোয়া করি— মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় ডা. মো. আব্দুল কুদ্দুসের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
