স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ৫ শিশু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ৪ থেকে ৫ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া আরও ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর বমি বমি ভাব ও অস্বস্তির লক্ষণ দেখা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চককীতি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দোলা জানান, প্রতিদিনের মতো ওইদিনও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’ শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করে। মেন্যুতে ছিল বনরুটি ও সিদ্ধ ডিম। তবে খাবার গ্রহণের পর ৪ থেকে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং আরও বেশ কয়েকজন শিক্ষার্থী বমি বমি ভাব অনুভব করে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সরবরাহকৃত খাবারের নমুনা সংগ্রহ করেন।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। সরবরাহকৃত খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাকে খাবার সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সংস্থার সরবরাহ করা খাবার খেয়ে প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।
