রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩২ এএম
ছবি: সংগৃহীত
রাজশাহীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত ২১ সদস্যের কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে সারাদেশের সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। প্রায় ১২ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৮ মে) নবগঠিত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে রাতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিক ফেডারেশন নবঘোষিত ২১ সদস্যের কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, 'ঈদের পর পূর্ণাঙ্গ নির্বাচনের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর রাত ৯টা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাসের টিকিট বিক্রি শুরু হয়। যদিও রাতে সীমিত আকারে বাস চলাচল করেছে, তবে মঙ্গলবার সকাল থেকে সব রুটে স্বাভাবিকভাবে বাস চলবে বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন।'
রোববার (১৭ মে) কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামে এবং বাস চলাচল বন্ধ রাখে।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি গঠন করেছে। কমিটিতে স্থান না পাওয়ায় কিছু শ্রমিক আন্দোলনে নেমেছেন বলেও মন্তব্য করেন নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
