অবৈধভাবে জ্বালানি তেল পাচারে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের অভিযোগে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার মতির মোড় বাইপাস সড়কে অবস্থিত মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনে সৈয়দপুর থানা পুলিশ সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।
অভিযানে পুরাতন বাবুপাড়া এলাকার রফিকুল ইসলাম (২৬)-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া একই এলাকার সেরাজ (২৫), হাতিখানা এলাকার মঈনুদ্দীন (৪৮), সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জাহাঙ্গীর (৩৫), সাগর (৩৫), মিস শেখ (২৪) এবং ঠাকুরগাঁওয়ের সিরাজ (২৮)-কে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী থাকায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে তল্লাশি চালিয়ে একটি নোয়াহ গাড়ি ও একটি কাভার্ডভ্যান পাওয়া যায়। বাইরে থেকে সাধারণ যানবাহন মনে হলেও, ভেতরে জ্বালানি পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
কাভার্ডভ্যানের ভেতরে অবৈধভাবে স্থাপিত একটি মিনি পাম্পের মাধ্যমে অকটেন ও পেট্রোল স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নোয়াহ গাড়ি থেকে বিপুল সংখ্যক প্লাস্টিকের জার উদ্ধার করা হয়, যা জ্বালানি সংরক্ষণে ব্যবহৃত হতো।
সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন জানান, জব্দ করা জ্বালানির পরিমাণ নির্ধারণে তা নিকটস্থ পেট্রোল পাম্পে নেওয়া হয়েছে। যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অবৈধ জ্বালানি মজুত, পরিবহন ও বাজারজাতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
