নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস সুপারভাইজারের মৃত্যু
এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:১২ পিএম
ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের বোদায় চলন্ত বাস থেকে পড়ে নিজের বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস মোড়ে পৌরভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার সালাউদ্দীনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী গেটলক বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাবা সুপার গেটলক বাসটি বোদা বাইপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী ওঠার সংকেত দেন। এ সময় চালক ব্রেক করলে হঠাৎ সেটি জ্যাম হয়ে বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেটে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার শান্ত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং বাসের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
