আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। আইসিসির নতুন সমীকরণে লঙ্কানরা ৬ রেটিং পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে যাওয়ায় বাংলাদেশের এই উন্নতি নিশ্চিত হয়েছে।
নতুন এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত (২৭৫ পয়েন্ট)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ থেকে সপ্তম স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে আফগানিস্তান ৯ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে; দুই দলের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট।
উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। টাইগ্রেসদের রেটিং পয়েন্ট ৫ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১০ নম্বরে থাকা বাংলাদেশ নারী দল নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে নিজেদের অবস্থান আরও সংহত করেছে। নারী র্যাঙ্কিংয়ে যথারীতি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত শীর্ষ তিনটি অবস্থানে রয়েছে।
এবারের হালনাগাদে সবচেয়ে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র; তারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে টপকে ১৩তম স্থানে উঠে এসেছে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ না খেলায় পুরুষ র্যাঙ্কিং থেকে ফিজি ও ইসরায়েলসহ চারটি দল এবং নারী তালিকা থেকে কম্বোডিয়া ও পেরু বাদ পড়েছে। বর্তমানে পুরুষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৯৮টি এবং নারী র্যাঙ্কিংয়ে ৭৮টি দেশ তালিকাভুক্ত রয়েছে।
আইসিসির এই বার্ষিক হিসেবে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে।
