×

রংপুর

হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী ও ক্রেতারা

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম

হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী ও ক্রেতারা

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সদর হাট-বাজারে সরকারি নিয়ম ও নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার পক্ষের বিরুদ্ধে। অতিরিক্ত টোল আদায়ের কারণে স্থানীয় ব্যবসায়ী, দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারী এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেক ব্যাপারী ভবিষ্যতে এ হাটে আর না আসারও ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, গত বছর রৌমারী সদর হাট-বাজারটির ইজারা মূল্য ছিল প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে, চলতি বছর স্থানীয় বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তার ছেলে শাকিল আহমেদের নামে প্রায় ৬ কোটি টাকায় হাটটির ইজারা নেন বলে অভিযোগ রয়েছে। বিপুল অঙ্কের এই অর্থ তুলতে হাটের বিভিন্ন অংশ উচ্চমূল্যে সাব-ইজারা দেওয়া হয়েছে। ফলে সাব-ইজারাদাররা দ্বিগুণ হারে খাজনা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হাটে অতিরিক্ত টোল আদায় আরও বেড়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বের টোলের তুলনায় মাত্র ১০০ টাকা বাড়ানোর মৌখিক প্রস্তাব দেওয়া হলেও, ইজারাদার পক্ষ এক লাফে ৩০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। আগে প্রতি গরুর টোল ছিল ৫০০ টাকা, যেখানে ইউএনও’র প্রস্তাব ছিলো ৬০০ টাকা। বর্তমানে গরুপ্রতি ৮০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে। একইভাবে ছাগলের টোল ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

সবচেয়ে বড় অভিযোগ হলো, সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র ক্রেতার কাছ থেকে টোল নেওয়ার বিধান থাকলেও এখানে ক্রেতা ও বিক্রেতা-উভয় পক্ষের কাছ থেকেই টোল আদায় করা হচ্ছে।

সাব-ইজারাদারদের দাবি, ইজারা মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদেরও বেশি খাজনা নিতে হচ্ছে। মাছ বাজারের সাব-ইজারাদার রতন দাস বলেন, “গত বছর মাছ বাজারের ইজারা ছিল সাড়ে ৪ লাখ টাকা, এবার তা বেড়ে হয়েছে ১৮ লাখ ৪০ হাজার টাকা।”

পান বাজার সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, “পানহাটির ইজারা ২ লাখ ৩০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা।”

সবজি বাজারের সাব-ইজারাদার আজিজুর রহমান গ্যাল্লা বলেন, “গত বছর সাড়ে ৭ লাখ টাকায় নিয়েছিলাম, এবার নিয়েছি সাড়ে ১০ লাখ টাকায়। তাই কিছুটা বেশি খাজনা নিতে হচ্ছে।”

হাটে আসা ঘুঘুমারী এলাকার শহিদুল ব্যাপারী, পূর্ব ইছাকুড়ির জলু শেখ ও নাউবাড়ির আব্দুল মতিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিন্ডিকেট করে বেশি দামে হাট ইজারা নিয়ে এখন সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। হাটে কোনো নিয়মনীতি নেই। কোথাও খাজনার চার্ট বা মূল্য তালিকা টানানো হয়নি। প্রকাশ্যে জুলুম চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”

বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, অতিরিক্ত টোল ও সাব-ইজারার বাড়তি চাপের প্রভাব সরাসরি নিত্যপণ্যের দামের ওপর পড়ছে। ফলে মাছ, মাংস ও সবজিসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

এ বিষয়ে ইজারাদারের দায়িত্বে থাকা রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, “গত বছরের টোলে এবার হাট পরিচালনা করলে লোকসান গুনতে হবে, তাই কিছুটা টোল বাড়ানো হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “গত বছর গরুপ্রতি টোল ছিল ৬০০ টাকা। এবার ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এটি শুধুমাত্র ঈদ উপলক্ষ্যে এবং সিদ্ধান্তটি আমার একার নয়।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গ ইস্যুতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ

পশ্চিমবঙ্গ ইস্যুতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ

ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল

ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল

জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

চামড়া খাতের সংকট সমাধানে সময় লাগবে

বাণিজ্যমন্ত্রী চামড়া খাতের সংকট সমাধানে সময় লাগবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App