বাণিজ্যমন্ত্রী
চামড়া খাতের সংকট সমাধানে সময় লাগবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
চামড়া খাতের সংকট সমাধানে সময় লাগবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পকে একটি সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করতে সরকার কাজ করছে। তবে দীর্ঘদিনের সমস্যার সমাধান আড়াই মাসে সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৫ মে) সিলেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, গবেষণার ক্ষেত্রে ব্যর্থতা বলে কিছু নেই। প্রতিটি গবেষণাই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের চামড়া শিল্প ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত হতে পারে। এ খাতের বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে এবং তা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে বিভিন্ন মহলের হতাশার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ খাতে সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো কোরবানির চামড়া বিক্রির অর্থের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি উন্নয়নে সময় প্রয়োজন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ খুব অল্প সময়ের। এত স্বল্প সময়ে পুরো খাতের কাঠামোগত সমস্যা সমাধান সম্ভব নয়। তবে সরকার ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে এবং সমস্যা সমাধানে কাজ শুরু করেছে।
তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, এই সময়ে একটি চামড়াও যেন নষ্ট না হয়।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ অপচয় করা উচিত নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে চামড়া শিল্পকে আরও শক্তিশালী করা হবে এবং এটি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
