অনিকেত রাজেশের কবিতা
অনিকেত রাজেশ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
অনিকেত রাজেশের কবিতা
নতুন বছর
নতুন বছর নতুন বছর বলে
নতুন দিনের আশায় আশায় বাঁচা
তবু কেমন দিনগুলো একঘেয়ে
ঘিরে থাকে অদৃশ্য এক খাঁচা।
হিসেব কষে বের করে নাও আজই
বিগত দিন ভুল করেছ কত
ক'বার তুমি জেতার দলে ছিলে
সত্য-মিথ্যার লড়াই হলো যত।
নতুন বছর নতুন কী আর দিলো
সেই তো একই গল্প-আড্ডা দিন,
সেই তো একই ভালোবাসার নামে
তোমার কাছে জমেই যাচ্ছে ঋণ।
সেই তো একই বাজারে আগুন
লোভের কাছে বিক্রি হচ্ছে কবি,
ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায়
সেই তো একই বর্বরতার ছবি।
একটা নতুন বছর আনতে চেয়ে যারা
অবলীলায় জান রেখেছে বাজি,
তাদের পথেই সূর্য ফুটে আছে, বন্ধু
সে পথ ধরে ছুটতে হবে, আজই।
যারা নতুন একটা দেশের জন্ম দিলো
তাদের স্মৃতি অতীত হবে না,
সেদিন রক্ত দিয়ে এঁকে গেল যারা
নতুন দিনের দুরন্ত আল্পনা।
বছরের পর বছর তো যায় চলে
ক্যালেন্ডারের তারিখগুলো একই,
মহাকালের ইতিহাসের পাতায়, বন্ধু
এবার চলো নতুন কিছু লিখি।
নতুন দিনের গল্প-ইতিহাস
সম্মিলিত লড়াই থেকেই হয়,
তাই আজকে এসো একতাবদ্ধ হই
ছিনিয়ে আনি নতুন সূর্যোদয়।
সেই কবিতা আবৃত্তি হোক আজ
যা লিখেনি কাজী কিংবা রবি
যে কবিতার জন্ম হবে আজই
লিখবে কোনো নতুন দিনের কবি।
মাঝে মাঝে নতুন বছর আসে
যেমন আসে মহান একাত্তর।
নতুন বছর ছিনিয়ে আনতে হয়
বাজাতে হয় নতুন গানের সুর।
বছরের পর বছর তো যায় চলে
ক্যালেন্ডারের তারিখগুলো একই,
মহাকালের ইতিহাসের পাতায়, বন্ধু
এবার চলো নতুন কিছু লিখি।
