শাস্তি পেলেন জয়াসুরিয়া
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৮ পিএম
লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার জয়াসুরিয়ার বিরুদ্ধে গত অক্টোবরে ক্রিকেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ ছাড়াও দুর্নীতি তদন্তে বাধা এবং সহযোগিতা না করার অভিযোগও করেছিল সংস্থাটি।
অবশেষে অভিযোগ প্রমাণ হওয়ার কারণে জয়াসুরিয়ারকে ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। ক্রিকেট সম্পর্কিত যাবতীয় সব কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবেন তিনি। আচরণবিধি লঙ্ঘন করার দায়েই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাকে। জয়াসুরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি স্বীকারও করে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি। দীর্ঘদিন ধরে দেশটির ক্রিকেটে দুর্নীতি অনিয়মের নানা অভিযোগ উঠে আসছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক নির্বাচক কমিটির প্রধানের বিরুদ্ধে আইসিসির অভিযোগ, তিনি দুর্নীতির তদন্তে সহযোগিতা করেননি। একটি সিমকার্ড লুকিয়ে ফেলেছেন। তদন্তের জন্য চাওয়া তার মোবাইল ফোনটিও দেরিতে জমা দিয়েছিলেন। যার মধ্যে সম্ভবত দুর্নীতি সম্পর্কিত অনেক তথ্য ছিল।
জয়াসুরিয়া অবশ্য আইসিসির তদন্ত কাজে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন সাজাও। কিন্তু পরে গণমাধ্যমের কাছে দাবি করেছেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
দুর্নীতি করেননি তাহলে কেন সাজা মেনে নিলেন? এমন প্রশ্নের জবাবে জয়াসুরিয়া বলেছেন, আমি প্রথমেই নিজের ভুল মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেননা এই ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা আছে। এই খেলাটার অধিকতর ভালোর জন্য এবং ক্রিকেটের বিশুদ্ধতা রক্ষার্থে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার সিম ও ফোনে ব্যক্তিগত কিছু জিনিস ছিল বলে আইসিসির দুর্নীতি দমন কমিটির চাহিদা মোতাবেক সেগুলো সরবরাহ করতে পারেননি। কিন্তু কোনো ধরনের দুর্নীতি, ম্যাচ গড়াপেটা কিংবা ভেতরের কোনো তথ্য গোপন করার মতো কোনো কাজ করিনি। আমি আবারো বলছি, আমি আমার ক্রিকেট ক্যারিয়ার জুড়ে সবসময়ই সততার বিষয়টি মেনে চলেছি। আমি সর্বদা আমার দেশকে প্রাধান্য দিয়েছি। ক্রিকেটপ্রেমী মানুষজনই এটার বড় সাক্ষী। জয়াসুরিয়ার এই স্বীকারোক্তি এবং সাজার ঘটনা শ্রীলঙ্কার ক্রিকেটে বড় ধাক্কা নিঃসন্দেহে বলা যায়।
