প্রথম সেশনেই প্রোটিয়াদের দাপট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনেই দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশন পুরোপুরিই তাদের নিয়ন্ত্রণে ছিল। প্রোটিয়াদের খুব বেশি বিপদে ফেলতে পারেননি টাইগার বোলাররা। ৩৩ রানে অধিনায়ক এইডেন মার্করাম সাজঘরে ফিরলেও বাকি সময়ে সাবলীল ক্রিকেট খেলেছে সফরকারীরা। প্রথম সেশনের খেলা শেষে ১ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৯ রান। ৪৯ রানে অপরাজিত ডি জর্জি, ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন স্টাবস।
মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের বেশ ভালো পরীক্ষায় ফেলেন প্রোটিয়া ওপেনাররা। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই ১০ ওভার পার করেন টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম জুটি। এ সময়ে তিন বোলারকে ব্যবহার করেন টাইগার দলপতি। তবে, উইকেটের দেখা নেই। ওপেনিং জুটিতেই ৫০ রানের ঘর পার করে ফেলে সফরকারীরা।
বাংলাদেশও অবশ্য সুযোগ পেয়েছিল। তবে সহজ সুযোগ লুফে নেওয়া হয়নি। হাসানের বলে জর্জির ব্যাটের কানা ছুঁয়ে অভিষিক্ত উইকেটকিপার মাহিদুলের পাশ দিয়ে গিয়েছিল। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও সেটি নিতে পারেননি তিনি।
ক্রমেই বড় জুটির পথে এগোচ্ছিলেন মার্করাম–ডি জর্জি। তবে শেষ পর্যন্ত মার্করাম নিজেই সুযোগ দিলেন। তাইজুলের বলে ডাউন দ্য উইকেটে এসে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।
এরপর জর্জির সঙ্গী হন স্টাবস। এই জুটিও সহজেই টাইগার বোলারদের সামলে নিয়েছে। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৪০ রানের জুটি গড়েছেন তারা। দুর্দান্ত খেলা জর্জি হাফ-সেঞ্চুরি থেকে ১ রান দূরে আছেন। অন্যদিকে ৪২ বলে ২৩ রান করে মধ্যাহ্নভোজে গেছেন স্টাবস।
