আম্পায়ারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নিষিদ্ধ নেপালি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
নেপালের অভিজ্ঞ ক্রিকেটার কারান কেসি। ছবি- সংগৃহীত
ক্রিকেট মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত। সেই সিদ্ধান্তের বিরোধিতা কিংবা আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়ার ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন কিছু নয়। তবে এবার মাঠের বাইরের এক মন্তব্যের জেরে নজিরবিহীন শাস্তির মুখে পড়লেন নেপালের অভিজ্ঞ ক্রিকেটার কারান কেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে আম্পায়ারকে নিয়ে করা এক উস্কানিমূলক মন্তব্যের দায়ে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
গত শুক্রবার নেপালের ঘরোয়া টুর্নামেন্ট ‘পিএম কাপে’ (প্রধানমন্ত্রী কাপ) মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ প্রদেশ। ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে গড়ায়। ওই ঘটনার পর একটি ফেসবুক পেজে ম্যাচটির ছবি পোস্ট করা হলে সেখানে মন্তব্য করে বসেন কারান কেসি।
কারান কেসি সেই ছবির নিচে কমেন্ট বক্সে লেখেন,'কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন তাকে কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি।' কৌতুকের ছলে করা হলেও এই মন্তব্যকে চরম শৃঙ্খলাভঙ্গ এবং আম্পায়ারদের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
কারানের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নজরে আসে কর্তৃপক্ষের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান) তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ওই ম্যাচের শতভাগ ফি জরিমানার নির্দেশ দেয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ অফিসিয়ালদের সম্মানহানি হয় এমন কোনো আচরণ বা মন্তব্য বরদাশত করা হবে না।
