তামিম সভাপতি হওয়ায় যে সুবিধা দেখছেন মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
মেহেদী হাসান মিরাজ এবং তামিম ইকবাল। ছবি- সংগৃহীত
মাত্র বছরখানেক আগেও তারা ছিলেন মাঠের সতীর্থ। গত বছরের মার্চে তামিম ইকবালের নেতৃত্বেই সবশেষ ওয়ানডে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। সময়ের বিবর্তনে সেই তামিম ইকবাল এখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি। সাবেক অধিনায়ককে বোর্ডের শীর্ষ পদে পাওয়ায় ক্রিকেটারদের জন্য বিশেষ কিছু সুবিধা দেখছেন বর্তমান ওয়ানডে অধিনায়ক মিরাজ।
গত ৭ এপ্রিল এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে বিসিবি সভাপতির দায়িত্ব নেন তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাদের উজ্জীবিত করেন তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে নতুন সভাপতিকে নিয়ে নিজের ভাবনার কথা জানান মিরাজ।
বোর্ডের শীর্ষ পর্যায়ে এমন বড় রদবদল ক্রিকেটারদের ওপর কোনো মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন,'পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের ঘটনা আমাদের ওপর প্রভাব ফেলে না। আমাদের মূল কাজ হলো পারফর্ম করা। গত তিন সপ্তাহ আমরা দারুণ অনুশীলন করেছি এবং আমাদের পুরো মনোযোগ ছিল মাঠের প্রস্তুতিতেই।'
তবে তামিম ইকবালের মতো একজন ‘ক্রিকেট মস্তিষ্ক’কে বোর্ডে পাওয়া বাড়তি পাওনা হিসেবেই দেখছেন মিরাজ। যেহেতু তামিম খুব সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন, তাই ড্রেসিংরুমের হালচাল ও আধুনিক ক্রিকেটের চাহিদা সম্পর্কে তার সম্যক ধারণা আছে বলে মনে করেন মিরাজ।
মিরাজ বলেন,'আমার কাছে মনে হয়, যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তাই তিনি আমাদের সম্পর্কে অনেক ভালো জানেন। বর্তমান সময়ে আমাদের চাহিদা কী বা আমরা কী ধরনের সুযোগ-সুবিধা পছন্দ করি, তা তার অজানা নয়। যেহেতু তিনি সম্প্রতি খেলা ছেড়েছেন, এটি ক্রিকেটারদের জন্য একটি বড় ইতিবাচক দিক।'
এর আগে বিসিবির নতুন সভাপতি ক্রিকেটারদের সঙ্গে বসে তাদের ‘বুস্ট আপ’ করেছেন বলে জানান মিরাজ। তিনি বলেন,'প্রেসিডেন্ট আমাদের জানিয়েছেন যে দল ভালো করছে এবং আমাদের এভাবেই ইতিবাচক ক্রিকেট খেলে যেতে উৎসাহিত করেছেন তিনি।'
