ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়া। ছবি- সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। বাভারিয়ানদের কাছে বিধ্বস্ত হয়ে ইউরোপ সেরার দৌড় থেকে ছিটকে পড়ার পর স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুর কর্তৃপক্ষ তার ব্যাপারে যে সিদ্ধান্তই নেবে, তিনি তা মাথা পেতে নিতে প্রস্তুত।
বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী হয় ফুটবল বিশ্ব। প্রথম লেগ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত দারুণ লড়াই করে আশা বাঁচিয়ে রেখেছিল। ৫ গোলের রোমাঞ্চকর প্রথমার্ধে তিনটি গোলই ছিল লস ব্লাঙ্কোসদের। তবে ম্যাচের চিত্র বদলে যায় এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। জামাল মুসিয়ালাকে ফাউল করে হলুদ কার্ড দেখার পর ম্যাচের শেষ দিকে সময়ক্ষেপণ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। আর ১০ জনের দলে পরিণত হওয়ার সেই সুযোগটাই কাজে লাগায় বায়ার্ন, যা শেষ পর্যন্ত রিয়ালের জন্য কাল হয়ে দাঁড়ায়।
ইউরোপে ট্রফি জয়ের স্বপ্ন ভাঙার পর এখন লা লিগাতেও কঠিন সমীকরণের মুখে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল যদি বাকি ৭ ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে না পারে, তবে এই শতাব্দীতে পঞ্চমবারের মতো ট্রফিশূন্য মৌসুম পার করতে হবে তাদের। এমন পরিস্থিতিতে আরবেলোয়ার বিদায় নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে আরবেলোয়া বলেন,'ক্লাব আমার ব্যাপারে যে সিদ্ধান্তই নিক না কেন, আমি তা মেনে নেব। আমি মনেপ্রাণে একজন মাদ্রিদিস্তা। নিজের চেয়েও এই ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের আমি অনেক বেশি ভালোবাসি। যখন আমি কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার লক্ষ্য নিজেকে বড় কোচ প্রমাণ করা ছিল না; বরং ক্লাব ও খেলোয়াড়দের পাশে দাঁড়ানোই ছিল মুখ্য উদ্দেশ্য। শেষ দিন পর্যন্ত আমি সেটাই করে যাব।'
নিজের চেষ্টার কোনো কমতি ছিল না দাবি করে তিনি আরও যোগ করেন,'দলকে জেতাতে আমি সাধ্যমতো সবকিছুই করেছি। ক্লাবের সিদ্ধান্তকে আমি সম্মান জানাব, তবে এই মুহূর্তে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। আমি চাই রিয়াল মাদ্রিদ জিতুক—ডাগআউটে কোচ হিসেবে কে থাকল, তাতে কিছু যায় আসে না।'
চলতি বছরের জানুয়ারিতে জাবি আলোনসোর প্রস্থানের পর রিয়াল মাদ্রিদের হট সিটে বসেছিলেন আরবেলোয়া। তার অধীনে এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচে ১৩টিতে জয় পেলেও ৭টি হার লস ব্লাঙ্কোসদের ভাবমূর্তিতে কিছুটা চিড় ধরিয়েছে। এখন দেখার বিষয়, ট্রফিশূন্য মৌসুমের আশঙ্কায় থাকা ক্লাব কর্তৃপক্ষ তাদের এই সাবেক তারকার ওপর আর কতটা আস্থা রাখে।
