হারার পর নাহিদকে কৃতিত্ব দিলেন নিক কেলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
নিক কেলি। ছবি: সংগৃহীত
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। কিউই ব্যাটার নিক কেলি ১০২ বলে ৮৩ রানের একটি লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি। ম্যাচ শেষে তিনি স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে, এই ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। কেলির মতে, উইকেটের আচরণই এই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে। শুরুতে পিচে কিছুটা ঘাস ও আর্দ্রতা থাকায় বোলারদের জন্য যে সহায়তা ছিল, তা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশের পেসাররা।
বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কেলি। তিনি জানান, নাহিদের গতি, সুইং ও ধারাবাহিকতা কিউই ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। নাহিদকে একজন দারুণ প্রতিভাবান বোলার হিসেবে অভিহিত করে কেলি বলেন, সে শুরু থেকেই ভালো গতিতে বল করে এবং পুরো স্পেলজুড়ে সেই গতি ধরে রাখতে পারে। এই ম্যাচে নাহিদ আগের চেয়ে বেশি স্টাম্পে আক্রমণ করেছেন এবং অতিরিক্ত গতি ও বাউন্স কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন, যা মোকাবিলা করা সহজ ছিল না।
নিজেদের ব্যাটিং নিয়ে আত্মসমালোচনা করে এই কিউই ব্যাটার বলেন, যখনই একটি জুটি গড়ার চেষ্টা করা হয়েছে, তখনই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোয় তারা ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাদের দলীয় সংগ্রহ অন্তত ২৪০-২৫০ রান হওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন।
অন্যদিকে, বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, স্বাগতিকরা শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে এবং ছোট লক্ষ্য দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সিরিজ এখন ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নিউজিল্যান্ড মাঠে নামবে বলে জানান নিক কেলি।
