রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাইস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
ছবি- সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ‘স্পষ্ট’ পেনাল্টি না পাওয়ার অভিযোগে ক্ষোভ ঝেড়েছেন আর্সেনাল মিডফিল্ডার ডিক্লান রাইস। বুধবার (২৯ এপ্রিল) রাতে এস্তাদিও মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত ১-১ ড্রয়ের ম্যাচে রেফারির সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে স্বাগতিক সমর্থকদের চাপ বড় ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন এই ইংলিশ তারকা।
ম্যাচ চলাকালীন ডি-বক্সে আর্সেনাল উইঙ্গার এভারেচি ইজে ফাউলের শিকার হলে শুরুতে পেনাল্টির বাঁশি বাজান ডাচ রেফারি ড্যানি মাকেলি। তবে ভিএআর মনিটরে দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর তিনি সেই সিদ্ধান্ত বাতিল করেন। রাইসের মতে, ড্যানি মাকেলিকে ১৩ বার রিপ্লে দেখতে প্ররোচিত করেছিল গ্যালারির উত্তাল পরিবেশ।
বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে স্ট্যান স্পোর্টসকে রাইস বলেন,'এটি একটি স্পষ্ট পেনাল্টি ছিল। আমি জানি না কেন এটি দেওয়া হলো না। আমার মনে হয় সমর্থকরা সিদ্ধান্তটি প্রভাবিত করেছে এবং রেফারির মন পরিবর্তন করতে বাধ্য করেছে।' ইউরোপীয় প্রতিযোগিতায় রেফারিরা সামান্য কারণেই কঠোর শাস্তি দেন বলে মন্তব্য করেন তিনি।
প্রথম লেগে দুটি গুরুত্বপূর্ণ ভিএআর সিদ্ধান্ত আর্সেনালের বিপক্ষে যায়। প্রিমিয়ার লিগের রেফারির তুলনা টেনে রাইস জানান, ঘরোয়া লিগে এমন পরিস্থিতিতে সাধারণত পেনাল্টি দেওয়া হয় না, তবে চ্যাম্পিয়নস লিগে রেফারির দ্রুত বাঁশি বাজানো ও সিদ্ধান্তের ধরন তাকে অবাক করেছে।
ড্র নিয়ে ফিরলেও ফিরতি লেগ নিয়ে আত্মবিশ্বাসী রাইস। তিনি জানান, রেফারির সিদ্ধান্ত নিয়ে পড়ে না থেকে আগামী সপ্তাহে ঘরের মাঠে আতলেতিকোকে হারিয়ে ফাইনালে উঠতে মুখিয়ে আছে গানাররা।
