আর্জেন্টাইন ক্লাবে নেইমারের যোগ দেওয়ার গুঞ্জন!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:১৪ পিএম
বোকা জুনিয়র্সের জার্সি হাতে নেইমার। ছবি- সংগৃহীত
ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্প্রতি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করায় তাকে ঘিরে নতুন ট্রান্সফার গুঞ্জন শুরু হয়েছে। কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে বুয়েনস এইরেস সফরে গিয়ে ক্লাব সভাপতির কাছ থেকে উপহার হিসেবে জার্সি গ্রহণ এবং সাবেক সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ এই আলোচনাকে আরও উসকে দিয়েছে।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন জল্পনা শুরু হয়েছে। বর্তমানে সান্তোসে খেলা এই ফরোয়ার্ড কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে বুয়েনস এইরেস গিয়ে বোকার প্রশিক্ষণ কেন্দ্র ‘ক্যাসা আমারিয়া’ ঘুরে দেখেন। সেখানে ক্লাবের সভাপতি ও কিংবদন্তি হুয়ান রোমান রেকেলমের কাছ থেকে নিজের নামাঙ্কিত জার্সি উপহার পাওয়ার পর থেকেই এই গুঞ্জন জোরালো হয়।
সফরের সময় নেইমার তার সাবেক সতীর্থ আন্দ্রে হেরেরার সঙ্গেও দেখা করেন। হেরেরা তাকে বোকার ঘরের মাঠ ‘লা বোম্বোনেরার’ অনন্য পরিবেশ সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা জানিয়েছেন। এছাড়া লিয়ান্দ্রো পেরেদেস আগে থেকেই নেইমারকে আর্জেন্টিনায় এনে কোপা লিবারেতাদোর্স জয়ের লড়াইয়ে নামানোর ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। যদিও বোকা জুনিয়র্স কর্তৃপক্ষ এই সাক্ষাৎকে কেবল ‘সৌজন্যমূলক’ বলে দাবি করেছে এবং কোনো আনুষ্ঠানিক আলোচনার খবর নাকচ করে দিয়েছে।
নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আর্থিক কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা রয়েছে। বোকা জুনিয়রস ভবিষ্যতে পাউলো দিবালার মতো বড় তারকাদের ভেড়ানোর পরিকল্পনা করছে, যেখানে নেইমারের নাম যুক্ত হওয়া দক্ষিণ আমেরিকার ফুটবলে বড় আলোচনার জন্ম দিয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, সান্তোস ছাড়লে নেইমারের পরবর্তী গন্তব্য হওয়ার সম্ভাবনা বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।
