ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি- সংগৃহীত
বাংলাদেশে নারী ক্রীড়ার উন্নয়ন ও যুবসমাজকে দক্ষ করে তুলতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই আশ্বাস দেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার পাশাপাশি কমনওয়েলথ গেমস সামনে রেখে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নারী ক্রীড়ার উন্নয়নে যুক্তরাজ্যের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করে বলেন,'নারী ক্রীড়ার উন্নয়নে যুক্তরাজ্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে আগ্রহী। বিশেষ করে কমনওয়েলথ গেমস সামনে রেখে সাঁতার, বক্সিং ও মার্শাল আর্টের মতো খেলাধুলা নিয়ে আমরা যৌথভাবে কাজ করতে পারি।' এছাড়া প্যারালিম্পিক গেমসে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সমাজের সব স্তরের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারকে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। প্রতিমন্ত্রী বলেন,'তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আমরা সম্প্রতি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে পাঠানো হবে।' তিনি বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি নির্মাণে যুক্তরাজ্যের কারিগরি সহযোগিতাও কামনা করেন।
বৈঠকে দুই দেশের খেলোয়াড় ও প্রশিক্ষকদের আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কারিগরি সহায়তা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
