প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৫৩ পিএম
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার পর এবার আরও একটি অনন্য রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের এই কীর্তি নেই।
সব সংস্করণ মিলিয়ে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই ছিল মুশফিকের। সিলেট টেস্টে তার সামনে সুযোগ ছিল ১৬ হাজারি ক্লাবে প্রবেশের। সুযোগটি হাতছাড়া করেননি অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলছেন আপন ছন্দে। টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় ৯০ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তাতেই পেরিয়ে যান ১৬ হাজার রানের কোটা।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের মোট রান ১৬,০১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন সবার ওপরে। দেশের হয়ে ৪৭৮টি ম্যাচ খেলা মুশফিকের আন্তর্জাতিক সেঞ্চুরি ২২টি এবং ফিফটি ৮৫টি। তার ব্যাটিং গড় প্রায় ৩৫।
রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই আছেন তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তামিমের রান ১৫,১৯২। ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি করা তামিমের ব্যাটিং গড় ৩৫.৪৫। তালিকায় এরপর আছেন সাকিব আল হাসান (১৪,৭৩০ রান), মাহমুদউল্লাহ রিয়াদ (১১,০৪৭ রান) ও লিটন দাস (৮,৮৪১ রান)।
