কাতার বিশ্বকাপের ১৩ জনকে নিয়ে কানাডার দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৩৯ পিএম
কানাডা ফুটবল দল। ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পর বিশ্বকাপের আরেক সহ-আয়োজক কানাডাও তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের ওপরও বড় ভরসা রেখেছেন প্রধান কোচ জেসে মার্শ। দলের ২৬ জনের মধ্যে ১৩ জনই গত ২০২২ কাতার বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। আর বাকি ১৩ জন এবারই প্রথম বিশ্বমঞ্চের দলে ডাক পেয়েছেন।
দলে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার আলফোনসো ডেভিস। চোটের কারণে মাঠের বাইরে থাকলেও এই মেগা তারকাকে দলের বাইরে রাখার ঝুঁকি নেননি কোচ। আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কানাডা। সেই লক্ষ্যে এডমন্টনে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন ডেভিস। তবে চোটের যা অবস্থা, তাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
আলফোনসো ডেভিস ছাড়াও গত কাতার বিশ্বকাপে খেলা জোনাথন ডেভিড ও লিয়াম মিলার নিজেদের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, দলে ডাক পাওয়া ১৩ জন নতুন মুখের মধ্যে অন্যতম হলেন গোলকিপার ম্যাক্সিম ক্রেপো, মোইসে বোম্বিটো ও তানি ওলুয়াসেয়ী।
কানাডার বিশ্বকাপ দল
গোলকিপার: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।
ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোনস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।
মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।
ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, প্রমিস ডেভিড, কাইল লারিন, তানি ওলুয়াসেয়ী।
