বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি- সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে দেশের ক্রীড়াঙ্গনে এই নির্বাচন নিয়ে খুব একটা আলোচনা বা উত্তাপ নেই। আজ রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হলেও প্রথম ভোটটি পড়েছে ৩৫ মিনিট পর। বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোট দিয়েছেন।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার কাউন্সিলর হিসেবে ভোট প্রয়োগ করেন তামিম। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে তিনি শুধু ভোটই দেননি, একই সঙ্গে পরিচালক পদেও লড়ছেন। তামিমের পাশাপাশি অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরুও ভোট দিয়েছেন।
জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও বিসিবি কার্যালয়ে ভোট দিতে দেখা গেছে। তিনি খুলনা বিভাগের বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে এসেছেন। এর আগে গত এপ্রিলে নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সকাল ১০টা থেকে শুরু হওয়া বিসিবির এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে আজ সন্ধ্যা ৬টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করার কথা রয়েছে।
