মধ্যনগরে বিএনপির মিছিল ও পথসভা
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:১২ এএম
ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজিত মিছিল ও পথসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর পরিচালনায় পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার।
আয়োজিত মিছিল ও পথসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বিএনপির দুঃসময়ে কচ্ছপের মতো এলাকার নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন দাবি করে বলেন, 'অনেকেই এমপি হতে চায়, আপনারা আমাদের পার্সপোর্ট যাচাই করে দেখেন, দেশ ও দলের দুর্দিনে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কে দেশ ছেড়ে পালিয়েছিল? সেটা বিবেচনায় রেখে আগামী নির্বাচনে সঠিক লোককে এমপি নির্বাচিত করতে হবে।' অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.ইউনূসকে গরীবের বন্ধু এবং নিজের নেতা দাবি করে ভূয়সী প্রশংসা করেন এই বিএনপি নেতা।
আরো পড়ুন: বন্যা দুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
তিনি আরো বলেন, 'এখন চাওয়া-পাওয়ার সময় হয়নি। দল এখনো ক্ষমতায় বসেনি। তাই আামাদের নেতা-কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি ও কারো হক নষ্ট করা থেকে বিরত থাকুন। পাশাপাশি জামায়াত-শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগকে মোকাবিলা করুন।'
পথসভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ ক্ষোভের সঙ্গে বলেন, 'আমাদের নির্দেশনার বাইরে কেউ মধ্যনগরে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি করলে আমরা তার দায়-দ্বায়িত্ব নেবনা।'
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাউকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছেনা। পালিয়ে থাকা এসব আওয়ামী লীগ নেতাদের হাট-বাজার, জলমহাল ও ভারতীয় পণ্যের চোরাকারবারসহ বৈধ-অবৈধ ব্যবসা বাণিজ্যের প্রায় শতভাগ নিয়ন্ত্রণ এখন বিএনপি নেতাদের হাতে। আর এসবের ভাগ-বাটোয়ারা নিয়ে বিএনপিতেও সৃষ্টি হয়েছে বিভক্তি।
