ফের বাড়ল তেলের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তেই আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। সোমবার (১১ মে) এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পরই ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করার পর বৈশ্বিক বাজারে অস্থিরতা আরো বেড়ে যায়।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের জবাব পাঠিয়েছে তেহরান। সেখানে যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে ইরান।
এর জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তিনি ইরানের প্রতিক্রিয়া পড়েছেন এবং তা “একেবারেই অগ্রহণযোগ্য”।
এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে হয়েছে প্রায় ৯৯ দশমিক ৮০ ডলার।
আরো পড়ুন : বড় পতনের পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে হরমুজ প্রণালি ঘিরে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়। যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, ওয়াশিংটনের শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে অবাধ যান চলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।
তবে চলমান উত্তেজনার মধ্যেও জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। সৌদি আরামকো জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
