রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ, ছাত্রদল নেতার শাস্তির দাবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে জড়িত ছাত্রদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী হাসান, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হিসেবে নাম এসেছে রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবের।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রাকসুর নেতারাও সংহতি প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী হাসান অভিযোগ করে বলেন, চারুকলা এলাকায় বহিরাগত কিছু লোক প্রায়ই দর্শনার্থীদের হেনস্তা করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে সেখানে গেলে তাকে আটকে হয়রানি করা হয়। এ সময় অভিযুক্ত হাসিব তার কাছে টাকা দাবি করেন। প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় এবং প্রক্টরকে ফোন দেওয়ার ঘটনাতেও ভয়ভীতি দেখানো হয়।
তিনি আরও জানান, পরে রাতের দিকে প্যারিস রোড এলাকায় বসে থাকার সময় হাসিব সেখানে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। ওই ঘটনায় তার দাবি, অভিযুক্ত ব্যক্তি ছাড়া ছাত্রদলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিল না।
একই বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, দোষীদের শাস্তির দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা বাড়বে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সংগঠনের পরিচয়ে কেউ যদি ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে শিক্ষার্থীরা প্রতিবাদে আরও সোচ্চার হবে।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ঘটনাটি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, দলীয় কোনো বিষয় নয়। অভিযুক্তের সঙ্গে কথা হয়েছে এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের ডাকা হয়েছে বলেও তিনি জানান।
