চেকপোস্ট কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৩
কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উখিয়া ৬৪ বিজিবি।
শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে মেরিন ড্রাইভ সড়কের শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে গাড়ী চালক মো. মাসুদ শরিফ (২২) এবং কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাসিন্দা মৃত সফিকুল ইসলামের মেয়ে বিউটি (২৭) ও মৃত আব্দুর রশিদের মেয়ে মাহিম (১৯)।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে প্রাইভেটকারটির তেলের ট্যাংকি থেকে বিশেষ কায়দায় রাখা এবং কালো ও খাকী কসটেপে মোড়ানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো থেকে মোট ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক পাচারের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালক মো. মাসুদ শরিফ এবং দুই যাত্রী বিউটি ও মাহিমকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দের পাশাপাশি পাচারকারীদের কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।
