×

চট্টগ্রাম

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় নেই ইলিশের দেখা, হতাশ জেলেরা

Icon

কাগজ প্রতিবেদক, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:৪০ পিএম

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় নেই ইলিশের দেখা, হতাশ জেলেরা

ছবি : ভোরের কাগজ

টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। ভরা মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের এমন সংকটে হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মাছ না থাকায় জেলার বিভিন্ন মাছঘাটে এখন বিরাজ করছে অলসতা।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। তারা মূলত মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে জেলেরা মাছ ধরেন।

জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ ও এপ্রিল- এই দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ৩০ এপ্রিল মধ্যরাত থেকে পুনরায় মাছ ধরা শুরু হলেও প্রত্যাশিত ইলিশ মিলছে না।

জেলেরা জানান, দিন-রাত নদীতে জাল ফেলেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে, তা দিয়ে নৌকার জ্বালানি খরচও উঠছে না। উপরন্তু জ্বালানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে অনেক জেলে নদীতে নামতেও পারছেন না।

মাছের সংকটে জেলার প্রায় ৩০টি ছোট-বড় মাছঘাটে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আড়তদার ও জেলেরা অলস সময় পার করছেন। ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে দাম আকাশছোঁয়া- প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার টাকায়।

মজুচৌধুরীরহাট মাছঘাটের আড়তদার মিন্টু জানান, গত বছর এই সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত। কিন্তু এবার নদীতে ইলিশ নেই বললেই চলে। কোটি টাকা বিনিয়োগ করেও লাভ হচ্ছে না। জেলেদের দেওয়া দাদনের টাকা উঠানো কঠিন হয়ে পড়েছে।

ঘাটে মাছ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, ইলিশের অভাবে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। অল্প কিছু মাছ পাওয়া গেলেও দাম অত্যন্ত বেশি হওয়ায় তা কেনা সম্ভব হচ্ছে না।

জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, নদীতে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া ইলিশ বর্তমানে গভীর সমুদ্রে অবস্থান করছে। পর্যাপ্ত বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।

তিনি আরও জানান, চলতি মৌসুমে জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৫০০ মেট্রিক টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

সুন্দরবনে ৪৮ ঘন্টায় ২২ জেলে অপহরণ

সুন্দরবনে ৪৮ ঘন্টায় ২২ জেলে অপহরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App