পিতাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজ পিতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইব্রাহীম হোসেন মিলন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার তাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত ৯টায় করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহমদ ডিলার (৭০) জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ইব্রাহীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নারী পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো। তার পরিবারের সদস্যরা বারবার নিষেধ করা সত্ত্বেও, সে কোনো তোয়াক্কা না করে দিন দিন আরো বেপরোয়া হয়ে ওঠে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে মিলন মাদক সেবন করতে গেলে তার পিতা আহমদ ডিলার তাতে বাধা দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন। একপর্যায়ে সে লাঠি দিয়ে তার বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। নির্মম নির্যাতনের একপর্যায়ে মিলন তার পিতার অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই মারা যান আহমদ ডিলার।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টায় অভিযুক্ত মিলনকে গ্রেপ্তার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, করেরহাট এলাকায় পিতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
