মানিকগঞ্জে ধর্ষণে কিশোরী গর্ভবতী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
ধর্ষণকারীদের হুমকিতে শঙ্কিত পরিবার
মানিকগঞ্জের ঘিওরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অবৈধ সন্তান গর্ভে ধারন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এবিষয়ে ওই কিশোরীর মা বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যায় বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী। এসময় সোহেল ওই কিশোরীকে ভয়ভীতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের পর এসব কথা কারও কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় সোহেল। এই ভয়ে মেয়েটি কাউকে কিছু বলেনি।
ধর্ষক সোহেল বেপারী (৩৫) উপজেলার কুস্তাবন্দর গ্রামের ফকির মিয়ার ছেলে। সোহেলের সহযোগিতায় তার ঘনিষ্ঠ বন্ধু উজ্জল ওরফে গড়িয়া, মহররম ও শাহাবুদ্দিন ওই কিশোরীকে ফুঁসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে মেডিকেল চেকআপের মাধ্যমে জানা যায়, সে তিন মাসের গর্ভবতী। এ ঘটনার বিচার দাবি করে ঘিওর থানার মামলা দায়ের করেন কিশোরীর মা।
কিশোরীর বাবা জানান, তারা হতদরিদ্র পরিবার। সোহেল ও তার সহযোগীরা এলাকার প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি স্থানীয়ভাবে ধামচাপা দেয়ার চেষ্টা করছেন এবং নানা ধরনের হুমকি দিচ্ছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি গর্ভবতী হওয়ার সংবাদ প্রকাশিত হলে সোহেল ও তার সহযোগীরা ওই কিশোরী ও তার মাকে বেধম শারীরিক নির্যাতন করে। পরে তারা আত্মগোপনে চলে যায়।
কিশোরীর মা ভোরের কাগজকে জানান, তিনি সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তার সন্তানকে যারা ধর্ষণ করেছে তিনি উপযুক্ত বিচার চান তাদের।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ তৎসহ ৩২৩/৩৫৪/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি লিপিবদ্ধ করতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
