×

সারাদেশ

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ছবি: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভোরের কাগজের প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট

সিলেটে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। সকাল থেকেই নগরজুড়ে ছিল উৎসবের আমেজ; নানা আয়োজন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকালে নগরের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বাঙালি সংস্কৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক কল্যাণ কামনা করেন।

পহেলা বৈশাখ উপলক্ষে সকালে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এদিকে নগরের শারদা হলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও আবৃত্তিসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। উৎসবকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিলেটবাসী নতুন বছরকে বরণ করে নেয়।

রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে নববর্ষকে স্বাগত জানান।

শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচাসহ বিভিন্ন প্রতীকী উপস্থাপন ছিল। ঢাকের তালে তালে তরুণ-তরুণীদের নৃত্য পরিবেশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লোকজ মেলার উদ্বোধন এবং আব্দুল আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নোয়াখালী

নোয়াখালীতে পুরোনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে বরণ করতে শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে লোকজ শিল্পমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শোভাযাত্রায় পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

রাজারহাট (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বৈশাখী উৎসব পালিত হয়। সকালে শিশু পার্কে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু পার্কে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানসহ স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

ছবি: ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙালি সংস্কৃতি সংরক্ষণে সর্বজনীন অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী নানা আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। পাশাপাশি লোকজ মেলা, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

আত্রাই (নওগাঁ)

নতুনের আবাহনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর আত্রাই। মঙ্গলবার সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শুভ আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

ডুমুরিয়া (খুলনা)

অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে লালন করার প্রত্যয়ে খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘স্বাধীনতা চত্বরে’ গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্বাধীনতা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।

দেওয়ানগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ সবচেয়ে বড় উৎসব বাঙালিদের

তথ্যমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ সবচেয়ে বড় উৎসব বাঙালিদের

বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, ১০টি জরুরি পরামর্শ

বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, ১০টি জরুরি পরামর্শ

‘করোনার টিকাই মেরে ফেলেছে শেন ওয়ার্নকে’

জ্যাকসন ওয়ার্নের দাবি ‘করোনার টিকাই মেরে ফেলেছে শেন ওয়ার্নকে’

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ

সুনামগঞ্জ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App