রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালকের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মিজানুর রহমান অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। ওই রাতেই তেজগাঁওয়ের পান্থপথ এলাকা থেকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
নিহতের স্ত্রী সালমা ও প্রতিবেশী ইলিয়াস জানান, মিজানুর পেশায় একজন ভাড়াটে অটোরিকশা চালক ছিলেন। শুক্রবার কাজে বের হওয়ার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। তাদের অভিযোগ, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। চালক মিজানুরের অটোরিকশাটির এখনও খোঁজ পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে ওই চালকের মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত মিজানুর হাওলাদার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সৈয়দ আলী হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর আদাবর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
