যশোরের চৌগাছা
নির্বাচনোত্তর সহিংসতায় আহত পৌর কাউন্সিলরের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: নিহত পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন
নির্বাচনোত্তর সহিংসতায় প্রতিপক্ষের হামলায় যশোরের চৌগাছা উপজেলায় আহত পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন (৪৫) নিহত হয়েছেন। তিনি চৌগাছা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা।
নিহত শাহিনুর রহমান শাহিন পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।
এর আগে ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে কুঠিপাড়া মোড়ে পৌর কাউন্সিলর শাহিনের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন চৌগাছা শহরে তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। এসময় পেছন থেকে স্থানীয় চিহ্নিত কতিপয় দুর্বৃত্ত এসএস পাইপ দিয়ে তার মাথার পেছন দিকে হামলা করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় রেফার্ড করা হয়।
ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির পর বুধবার ভোররাতে তার মাথায় অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি এবং অবস্থার তেমন কোনো উন্নতিও হয়নি।
এপর্যায়ে সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি বলে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম জানিয়েছেন।
