দিনে ১৬ ঘণ্টা লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ ঘণ্টাই বিদ্যুৎহীন থাকছে এই জনপদ। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় মোমবাতি বা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে তাদের। এক শিক্ষার্থী বলেন, “পড়াশোনার মূল সময়েই বিদ্যুৎ চলে যায়। দীর্ঘক্ষণ লোডশেডিংয়ের কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।” শুধু এসএসসি নয়, অন্যান্য শিক্ষার্থীদের শিক্ষাক্রমও এতে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও সেবা খাতও। লোডশেডিং ও জ্বালানি সংকটের কারণে অনেক দোকানপাট সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। কম্পিউটারনির্ভর কাজ ও অনলাইন ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফ্রিজ ও ইলেকট্রনিক যন্ত্রপাতিনির্ভর ব্যবসাগুলো লোকসানের মুখে পড়েছে।
উপজেলার বাসিন্দারা জানান, ২৪ ঘণ্টার বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে। গভীর রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমে ব্যাঘাত ঘটছে, যা মানুষের কর্মক্ষমতায় প্রভাব ফেলছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রিড বিপর্যয় বা সরবরাহ ঘাটতির কথা বলা হলেও, কবে নাগাদ এ সংকট কাটবে—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
