ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে দেখা পাটোয়ারির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলা। সেখানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে কুশলাদি বিনিময় ও হাসিমুখে আলাপচারিতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটোয়ারী প্রিয় অভিনেতাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত হয়ে এগিয়ে গিয়ে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন। কাবিলাও হাসিমুখে তার অনুরোধে সাড়া দেন।
আরো পড়ুন : গুজবের মধ্যেও ভোট শান্তিপূর্ণ, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যা থাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে বর্তমানে কম স্বরে কথা বলতে হয়। এ কারণে রুপালি পর্দায় আগের মতো নিয়মিত দেখা যায় না তাকে। তবে ভোটকেন্দ্রে তার সরব উপস্থিতি ভক্তদের মধ্যে আনন্দ সৃষ্টি করেছে। কুশল বিনিময় শেষে উভয়েই হাসিমুখে নিজ নিজ কাজে ফিরে যান।
ভোট দেওয়া সাধারণ ভোটাররা সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভোটগ্রহণ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
