পাঁচ বছর পর মুক্তির পথে ‘মাসুদ রানা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত সিনেমা। প্রায় পাঁচ বছরের জটিলতা কাটিয়ে আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণা শুরু হবে।
এর আগে ২০২০ সালে ‘মাসুদ রানা’ সিরিজ থেকে দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনা নেয় জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবর পরিচালিত ‘এমআরনাইন: ডু অর ডাই’ ইতোমধ্যে মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ দীর্ঘদিন ধরে আটকে ছিল।
প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ ও শুটিংয়ে কোনো ধরনের আপস করা হয়নি বলেও দাবি তার।
প্রায় পাঁচ বছর আগেই ছবির অধিকাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি রয়েছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করছে প্রযোজনা সংস্থা। বাকি কাজের মধ্যে সম্পাদনা ও ডাবিং ইতোমধ্যেই শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হবে সিনেমাটি।
কোরবানির ঈদে দেশের মাল্টিপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাসুদ রানা’।
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। এছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। অ্যাকশনঘন চরিত্রে অভিনয়ের জন্য পূজাকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়েছে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা এই সিনেমাটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
