ফের বাড়ল স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:১৭ এএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন : তেল মজুত-পাচারকারীর তথ্যদাতাকে ১ লাখ পুরস্কার
স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
চলতি মাসের শুরু থেকেই ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪,৫৬১ ডলারে পৌঁছেছে।
এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে বড় উত্থানের কারণে দেশেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি হয়। ২৯ জানুয়ারি একবারেই ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
