×

জাতীয়

আইএলও অধিবেশনে বাংলাদেশকে ৪৭ দেশের সমর্থন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম

আইএলও অধিবেশনে বাংলাদেশকে ৪৭ দেশের সমর্থন

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ ইস্যুতে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি দেশগুলো অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে দেশগুলো। সোমবার (৩০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেনেভায় অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশের শ্রম খাতের সংস্কার ও বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ওপর নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আইএলও কনভেনশনের কিছু ধারা প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন একটি মামলা দায়ের করে। সেই ধারাবাহিকতায় গত পাঁচ বছরে আটটি অধিবেশনে বিষয়টি আলোচনা হলেও এবারের অধিবেশনে বর্তমান সরকারের আইনি ও প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

৫৬ সদস্যবিশিষ্ট গভর্নিং বডির মধ্যে ১৯টি রাষ্ট্র, দুটি আঞ্চলিক গ্রুপভুক্ত আরো ২৮টি দেশ এবং মালিকপক্ষ বাংলাদেশের ইতিবাচক অগ্রগতির প্রশংসা করে মামলাটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন : শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

অধিবেশনে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দেন। মাহদী আমিন আইএলও সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, নবনির্বাচিত সরকার মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আরব গ্রুপ, উপসাগরীয় গ্রুপসহ চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিরা বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে ২২ সদস্যের আরব গ্রুপ ও ৬ সদস্যের উপসাগরীয় গ্রুপসহ ১৪টি দেশ এবং মালিকপক্ষ মামলাটি দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানায়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা শ্রম আইন সংশোধন ও পরিদর্শক নিয়োগের অগ্রগতির প্রশংসা করে রোডম্যাপ বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী বছরের মার্চ মাসে নির্ধারণ করা হয়েছে। অধিবেশনে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং শ্রমসচিব আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক এ ফোরামে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের এই সমর্থন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি শ্রম খাতের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খারগ দ্বীপ দখলে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা, নেপথ্যে যে কৌশল

খারগ দ্বীপ দখলে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা, নেপথ্যে যে কৌশল

ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

সৌদিকে মার্কিন সেনা সরাতে বলল ইরান

সৌদিকে মার্কিন সেনা সরাতে বলল ইরান

আইএলও অধিবেশনে বাংলাদেশকে ৪৭ দেশের সমর্থন

আইএলও অধিবেশনে বাংলাদেশকে ৪৭ দেশের সমর্থন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App