পর্দায় আসছে নতুন লর্ড অব দ্য রিংস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:১৬ পিএম
লর্ড অব দ্য রিং সিরিয়ালের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
হলিউডের আলোচিত ট্রিলজি ‘লর্ড অব দ্য রিংস’। এ সিরিজের এবার নতুন সিজন আসতে চলেছে। সেই খবর প্রকাশ হতে সিরিজটির ভক্তদের মনে আনন্দের যেন শেষ নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এমন খবরই নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ বলেন, ‘দ্য লর্ড অব দ্য রিংসের নতুন দুটি সিনেমার জন্য প্রাথমিকভাবে চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ২০২৬ সালের মধ্যে নতুন দুই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজি বেশ কয়েকটি অস্কার পুরস্কারও জিতেছে। রহস্য আর নাটকীয়তায় ভরপুর সিরিজের প্রতিটি সিজন। অনেকের শৈশব ও কৈশোর মিশে আছে এর সঙ্গে। তাই অনেকে নস্টালজিক হয়ে পড়েছেন নতুন গল্প আসবে শুনে।

এদিকে জানা গেছে, সিরিজটির আগের পরিচালক পিটার জ্যাকসন এবং তার দীর্ঘদিনের লেখার অংশীদার ফ্রান ওয়ালশ ও ফিলিপা বয়েনস নতুন দুটি সিনেমার প্রতিটি পদক্ষেপে জড়িত থাকবেন। চিত্রনাট্য লিখবেন বয়েনস এবং ওয়ালশ।
নিউ লাইন সিনেমা এবং ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের যৌথ উদ্যোগে প্রথম সিনেমাটি হতে যাচ্ছে ‘লর্ড অব দ্য রিংস : দ্য হান্ট ফর গোলাম’। তবে নাম এখনও চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন অ্যান্ডি সার্কিস। পরিচালনার পাশাপাশি তিনি সিনেমাটিতে অভিনয়ও করবেন।
তিনি বলেন, ‘লর্ড অব দ্য রিংস ইতিহাসের সবচেয়ে সফল ও সম্মানিত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি এবং আমাদের থিয়েটার ব্যবসার জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।’
ওয়ার্নার্স ব্রাদার্স এক বছরের বেশি সময় আগে জানিয়েছিল, জেআরআর টলকিন্সের বইয়ের নতুন সিরিজের ওপর ভিত্তি করে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এমিব্রেসার গ্রুপ এবির সঙ্গে চুক্তি করে নতুন লর্ড অব দ্য রিংস সিনেমা বানানো হবে।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম লর্ড অব দ্য রিংসের টিভি সিরিজ বানানোর কাজ করছে। কিন্তু সিরিজটির সঙ্গে জ্যাকসন এবং তার সহ-লেখকরা জড়িত না থাকায় ভক্তরা হতাশ হয়েছিলেন। তারা এবার সিনেমা হিসেবে এটি ফিরে আসছে জেনে আনন্দিত।
