শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে মাথা গরম হয়ে যায়: জয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমা জগতে সমানতালে জনপ্রিয় জয়া আহসান। ভিন্নধারার গল্পে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত তিনি।
অভিনয়ের নিজের ফিটনেস ও লাইফস্টাইল সচেতনতার জন্য প্রায়ই আলোচনায় আসেন জয়া আহসান। এবার খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে শিরোনামে।
আরো পড়ুন: যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে প্রচলিত ডায়েট মেনে চলার চেয়ে নিজের মতো করেই খাওয়াদাওয়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, আমি খেতে ভালোবাসি এবং আমি খাই। আমার মনে হয় মাঝে মাঝে নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য খাওয়া প্রয়োজন। অনেকেই ডায়েট মেনে বিদেশি খাবার খায়, কিন্তু আমি তেমনটা করি না।
তবে এই খাদ্যাভ্যাসের পেছনে রয়েছে মানসিক পরিবর্তনও। জয়া জানান, বর্তমানে মাছ বা ডিম খেতেও অস্বস্তি অনুভব করেন তিনি। ‘ইদানীং তো ডিমও খেতে পারছি না, মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি—এটি আমার একটি মানসিক সমস্যা’ বলেন তিনি।
প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়েই এই অনুভূতির জন্ম হয়েছে বলে জানান জয়া। তিনি বলেন, আমি যখন অ্যানিমেল রাইটস নিয়ে কাজ শুরু করি, তখন থেকেই এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের খাবার খেয়ে ফেলছি।
তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন এলেও পুষ্টির গুরুত্ব অস্বীকার করেন না এই অভিনেত্রী। তিনি মনে করেন, সবারই নিয়মিত প্রোটিন গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে নারীদের।
আরো পড়ুন: সম্পদের পাহাড় গড়েছেন বিজয়, ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট!
খাবারের পছন্দ প্রসঙ্গে জয়া আহসান মজার মন্তব্য করে বলেন, শুটিং সেটে শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমাদের শুটিংয়ের জাতীয় খাবার।
এ ছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার জন্য অপরিহার্য বলেও জানান তিনি।
সবজি ও কাঁচা খাবারের প্রতি ছোটবেলা থেকেই তার ঝোঁক রয়েছে। অনেকেই মজা করে বলেন, তিনি নাকি সবকিছু কাঁচাই খান। তবে এ বিষয়ে জয়ার ব্যাখ্যা, সবকিছু কাঁচা খাই না, তবে অনেক কিছু কাঁচা খেতে পারি।
অভিনয়ের বাইরেও ব্যক্তিজীবনের নানা দিক প্রকাশ করে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন জয়া আহসান। ভক্তদের মাঝে বাড়িয়েছে কৌতূহল।
