নব্বইয়ের প্রেম ও নস্টালজিয়ায় নির্মিত চলচ্চিত্র ‘লাভ ৯৬’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের আবেগ, স্মৃতি আর ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘লাভ ৯৬’। এক সময় যখন বিনোদনের ধরনই ছিল আলাদা, তখনকার জীবনের ছোট ছোট আনন্দ, পারিবারিক ও পাড়া-মহল্লার মিলনমেলা, সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখা কিংবা ক্যাসেট প্লেয়ারে গান শোনার মতো স্মৃতিগুলোই এই চলচ্চিত্রের মূল আবহ তৈরি করেছে।
নব্বইয়ের সেই সময়টিকে ঘিরে মানুষের আবেগ ছিল ভিন্ন মাত্রার। পাড়ায় পাড়ায় একসঙ্গে ভিসিআর ভাড়া করে সিনেমা দেখার রীতি, রেডিওতে প্রিয় অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা- সব মিলিয়ে সেই সময় ছিল সহজ কিন্তু গভীর অনুভূতির। সেই আবেগই আজও বহু মানুষের মনে নস্টালজিয়া হয়ে বেঁচে আছে।
এই সময়েই বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে সালমান শাহ নামের এক জনপ্রিয় তারকার। খুব অল্প সময়ে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের ভালোবাসার প্রতীক। তাঁর অভিনয়, রোমান্টিক উপস্থিতি এবং স্টাইল বাংলা চলচ্চিত্রে নতুন ধারা তৈরি করে। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুসংবাদ পুরো দেশকে স্তব্ধ করে দেয়। সেই শোক ও আবেগ অনেক ভক্তকে গভীরভাবে নাড়া দিয়েছিল, যা আজও মানুষের স্মৃতিতে রয়ে গেছে।

এই আবেগঘন সময় ও একজন ভক্তের জীবনের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। তিনি জানিয়েছেন, এটি শুধু একটি প্রেমের গল্প নয়; বরং নব্বইয়ের দশকের মানুষের অনুভূতি, স্মৃতি এবং সালমান শাহকে ঘিরে গড়ে ওঠা ভক্তির প্রতিচ্ছবি।
চলচ্চিত্রটির প্রযোজনা করেছে রাইসা ফিল্মস। প্রযোজক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নব্বইয়ের আবেগকে নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে। নির্মাণশৈলী ও গল্প বলার ধরনে সেই সময়ের বাস্তবতা তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‘লাভ ৯৬’-এ প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে আরিয়ান খান ও পূর্ণতাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সীমান্ত খন্দকারসহ আরও অনেকে।
চিত্রধারণ করা হয়েছে টাঙ্গাইলের খতিব খামারবাড়ি, পুবাইলসহ বিভিন্ন স্থানে, যেখানে সালমান শাহ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর শুটিং হয়েছিল। এতে নব্বইয়ের দশকের পরিবেশ ও আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্রটি ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যদের কাছ থেকেও গল্প ও উপস্থাপনার প্রশংসা মিলেছে বলে জানা গেছে।
নির্মাতার মতে, ‘লাভ ৯৬’ নতুন প্রজন্মের জন্য যেমন একটি প্রেমের গল্প, তেমনি পুরোনো প্রজন্মের জন্য স্মৃতির দরজা খুলে দেওয়া একটি আবেগঘন যাত্রা। আশা করা হচ্ছে, নব্বইয়ের নস্টালজিয়া ও ভালোবাসার আবেগে ভরপুর এই চলচ্চিত্র দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।
