মেয়েকে ঘিরে গুজবে ক্ষোভ প্রকাশ করলেন কায়সার হামিদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকেই সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ব্যক্তিগত আইডি থেকে গুজব রটানো হয় কারিনা কায়সারের মৃত্যু সংবাদ। আর এই বিষয়টি নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ।
শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমের জানান, ‘আমরা যেকোনো সময় মরে যেতে পারি, দুই মিনিটের গ্যারান্টি নেই। এরপরও মৃত্যুর মতো একটা বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন, এ মুহূর্তে সকলের মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।’
কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর পরিবার জানিয়েছে, তার ফুসফুসে সংক্রমণ কিছুটা কমেছে এবং চিকিৎসকেরা ধীরে ধীরে পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ায় এগোচ্ছেন। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছে। সম্ভাব্য ডোনার হিসেবে কারিনার দুই ভাইয়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন কারিনা। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউরের পরিস্থিতি তৈরি হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। গত সোমবার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও মনোযোগী ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে সুস্থতা কামনা করছেন।
