দৃষ্টিশক্তি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ম্যাকুলার ডিজেনারেশন, ছানি ও অন্যান্য চোখের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তবে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে এসব সমস্যা অনেকটা দেরিতে দেখা দিতে পারে। শরীর সুস্থ রাখার পাশাপাশি চোখের স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনেকেই মনে করেন দৃষ্টিশক্তি উন্নত করতে শুধু গাজরই যথেষ্ট, কারণ এতে বিটা-ক্যারোটিন থাকে। এটি ভিটামিন এ এর একটি রূপ, যা রেটিনা ও চোখের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। তবে শুধু গাজর নয়, আরো কিছু খাবার রয়েছে যেগুলো চোখের জন্য অত্যন্ত উপকারী।
চোখের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হলো- লুটেইন, জিয়াজ্যান্থিন, বিটা-ক্যারোটিন, ভিটামিন এ, জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান সমৃদ্ধ কিছু খাবার নিচে দেওয়া হলো—
ঢেঁড়স:
ঢেঁড়সে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, জিয়াজ্যান্থিন ও লুটেইন থাকে। এসব উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এছাড়া এতে থাকা ভিটামিন সি চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বয়স্কদের চোখের জন্যও উপকারী।
ব্রোকলি:
ব্রোকলিতে লুটেইন ও জিয়াজ্যান্থিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনও পাওয়া যায়। এটি সালাদ, পাস্তা বা অন্যান্য খাবারে যোগ করে খাওয়া যেতে পারে।
আরো পড়ুন : হার্ট সুস্থ রাখতে উপকারী যে ৫ সবজি
লেবুজাতীয় ফল:
কমলা, লেবু, জাম্বুরা ও বিভিন্ন বেরি জাতীয় ফলে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের কোষ রক্ষা করে এবং ভিটামিন ই পুনর্গঠনে সাহায্য করে।
তিসি বীজ:
তিসি বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। এটি চোখের স্নায়ু শক্তিশালী করতে সাহায্য করে এবং চোখের শুষ্কতা কমায়।
আমন্ড ও আখরোট:
এই বাদামগুলো ভিটামিন ই এবং জিঙ্কের সমৃদ্ধ উৎস। নিয়মিত খেলে ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমে এবং দৃষ্টিশক্তি দীর্ঘ সময় ভালো থাকে।
নিয়মিত এসব খাবার খাদ্যতালিকায় রাখলে চোখের স্বাস্থ্য ভালো রাখা এবং দৃষ্টিশক্তি বজায় রাখা অনেকটাই সহজ হতে পারে।
