চালু হবার পথে শাহজালালের তৃতীয় টার্মিনাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেন জাপান কনসোর্টিয়াম প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিডার নির্বাহী চেয়ারম্যান ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান।
বৈঠকে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগবে এবং টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও ছয় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। তবে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই টার্মিনালে বিদেশগামী যাত্রীদের জন্য বাড়বে ব্যয়ের বোঝা। টিকিট প্রতি অতিরিক্ত এক হাজার টাকা গুনতে হতে পারে তাদের।
একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও আসছে কাঠামোগত পরিবর্তন, যেখানে রাষ্ট্রীয় বিমান সংস্থার একক নিয়ন্ত্রণ আর থাকছে না বলে জানা গেছে।
এদিকে, একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।
