প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। ছবি : সংগৃহীত
দেশীয় পণ্য কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সরকার দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। প্রথম মাসেই এক লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় মাসে দুটি করে বিদ্যালয়ে এই কার্যক্রম সম্প্রসারিত হবে।
আরো পড়ুন : বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় উৎপাদিত পণ্য ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে সারা দেশে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা, ধনী-গরিব বৈষম্য কমানো এবং ন্যায্য সমাজ গঠনের বার্তা দেওয়া হবে।
তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে একই ধরনের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এতে দেশের উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়াবে এবং প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভিশন বাস্তবায়নে সহায়ক হবে।
তিনি আরো জানান, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। শিশুদের মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করাই এর অন্যতম উদ্দেশ্য। এতে করে দেশের হারানো পাটশিল্পের ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারেও সহায়তা হবে বলে তিনি মন্তব্য করেন।
