হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) খাবারের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় কুমড়ার তরকারি মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে তা মুখ থেকে ফেলে দিতেও দেখা যায়।
বুধবার (২০ মে) সকালে আকস্মিক পরিদর্শনে খুলনা জেনারেল হাসপাতালে গিয়ে তিনি খাবারের মান নিয়ে এ অসন্তোষ প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে আপনারা নিজেরা কি খেতেন?’ এ সময় হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য ভালো মানের খাবার সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এরপর হাসপাতালের তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনের সময় কয়েকজন রোগী র্যাবিস ভ্যাকসিন পেতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়েছে বলেও মন্ত্রীকে জানান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এ পরিস্থিতির কারণ জানতে চান।
জবাবে তত্ত্বাবধায়ক বলেন, আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছিল। তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন।
