হাসতে হাসতে নিজের বুকে গুলি চালালেন তরুণ, ভিডিও করছিলেন বন্ধু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যক্তি একটি পিস্তল ‘লোড’ করে সেটির ‘ট্রিগার’ আলতো করে স্পর্শ করেন। তখনই তার বন্ধু বলে ওঠেন, ‘ভাই, গুলি চালিয়ে দিও না..।’ বন্ধুর সতর্কবার্তা শুনে হেসে ওঠেন ওই ব্যক্তি। তারপর পিস্তলের নল নিজের বুকে চেপে ধরেন।
আবারও তার বন্ধু বলে ওঠেন, ‘আরে, না।’ তারপরই ‘বুম’ শব্দ, ওই ব্যক্তি মাটিতে পড়ে যান।
এই পুরো ঘটনা ভিডিও হয়েছে। যে ব্যক্তি নিজের বুকে হাসতে হাসতে গুলি চালিয়েছেন, তার নাম পবন। তার বন্ধু মুঠোফোনে ভিডিও করছিলেন।
পবন গুলিবিদ্ধ হওয়ার পর তার বন্ধু তাকে নিয়ে হাসপাতালে ছোটেন, কিন্তু পবনকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।
ভিডিওতে শোনা যায়, পিস্তলের মালিক পবনকে কীভাবে পিস্তল ‘লোড’ করতে হয়, তা শেখাচ্ছিলেন। তবে একই সঙ্গে তিনি বারবার বন্ধুকে গুলি না চালানোর জন্য সতর্ক করে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির দল্লুপুরায়। যে পিস্তল নিয়ে এত কাণ্ড, সেটি একটি বৈধ আগ্নেয়াস্ত্র। সেটির মালিক পবনের ওই বন্ধু, যিনি ভিডিও করছিলেন।
পবন পিস্তল হাতে রিল তৈরি করছিলেন বলে জানায় পুলিশ।
সূত্র: এনডিটিভি।
