×

রাজশাহী

গরু পাচারে ভারত যাওয়া নিখোঁজের লাশ ভাসছিলো পদ্মায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:০৭ পিএম

গরু পাচারে ভারত যাওয়া নিখোঁজের লাশ ভাসছিলো পদ্মায়

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্ত এলাকায় নিখোঁজ ব্যক্তির মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১৭ মে) বিজিবি জানায়, শনিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৫৩ ব্যাটেলিয়ন (ফরিদপুর বিওপি)-এর অধীন এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম শওকত আলী (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে ১১ মে রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ওই দলের সঙ্গে থাকা শওকত আলীকে পরে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আর অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে যাওয়ায়, শওকত আলীর নিখোঁজ হওয়া বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প বা থানায় কোনও লিখিত অভিযোগও করা হয়নি।

জানা গেছে, শনিবার পদ্মায় মাছ ধরতে যাওয়া স্থানীয় একদল জেলে মরদেহটি দেখে চিনতে পারেন এবং শওকতের  স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাত দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শওকতের চাচা আনারুল ইসলাম বলেন, ‘মাছ ধরতে যাওয়া জেলেরা লাশটি উদ্ধার করে খবর দিলে আমরা সেখানে গিয়ে নিয়ে আসি। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ নিয়ে যায় এবং এখন ময়নাতদন্ত করছে। তবে আমার ভাতিজা গরু আনতে গিয়েছিল, নাকি মাছ ধরার সময় মারা গেছে– সে বিষয়ে আমরা নিশ্চিত নই।’

এ বিষয়ে বিজিবি ৫৩ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, শওকত আলী ১০ মে গরু আনতে ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে পুলিশ তা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ‘শনিবার রাতে সদর থানার আওতাধীন পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়। তবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।’

ঘটনার আইনগত প্রক্রিয়া বর্তমানে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি পরিচালনা করছে বলেও জানান ওসি মতিউর।

এ বিষয়ে রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) জীবন চন্দ্র রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএসএফ বা অন্য কারো নির্যাতনেই তার মৃত্যু হতে পারে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে গুলির কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে হাতে, পায়ে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App