জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩১
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা। এতে আহত হয়েছে আরো ১৭০ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকায় অবস্থিত শিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন।
তিনি বলেন, ‘ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকায় অবস্থিত শিয়া মসজিদে বিস্ফোরণটি ঘটে। এর ফলে কর্তৃপক্ষ নিকটবর্তী এলাকা ও প্রধান হাসপাতালে জরুরি অবস্থা জারি করে।’
তিনি আরো বলেন, ‘আহতদের ইসলামাবাদ এবং সংলগ্ন রাওয়ালপিন্ডি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’
