পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইনকিলাব মঞ্চের সদস্যসচিবসহ আহত কয়েকজন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে, শাহবাগ সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে আন্দোলনকারীরা সেই বাধা ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের, ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, রাকসু’র জিএস সালাউদ্দীন আম্মার, জকসু সদস্য শান্তা আক্তারসহ ১৫ জনের মতো আহত হয় বলে জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে ঘটনার কয়েক মিনিট পরই ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে বলা হয়- আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন, ‘তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের কেউ গুলিবিদ্ধ নয়।’
উল্লেখ্য, হাদি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই দাবিতে শুক্রবার জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দিয়েছিল সংগঠনটি। আরেকটি অংশ যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখেছিল।
